বাণী

প্রাণিবিদ্যা বিভাগের বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিদায় বেলা আমি আশির্বাদ করি তারা যেন কর্ম-জীবনে মানুষের মত মানুষ হয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভ করে। ছাত্র-জীবন অতি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের জীবন যাত্রার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের সময় এটি। ছাত্র জীবনের সমাপ্তি ঘটিয়ে কর্ম জীবনের সূচনা।

শিক্ষাদানের মহান ব্রত নিয়ে একদিন তোমাদের অতি আপনজন করে নিয়েছিলাম। তোমাদের চালচলনে, আচার ব্যবহারে প্রতিটি দিন আমি মুগ্ধ হয়েছি। তোমাদের অবস্থান এ বিভাগকে করেছিল সুন্দর, নিষ্প্রাণ কক্ষগুলি হয়েছিল মুখরিত আর আমরা অনুভব করেছিলাম শিক্ষক জীবনের সার্থকতাকে।

এ বৎসরের ‘স্মরণিকা’র ভুমিকা বহুবিধ। কর্ম জীবনের কর্মব্যস্ততার মাঝেও এটি অতীত স্মৃতির নিদর্শন হয়ে থাকবে।

বিদায় ক্ষণে আবার জানিয়ে যাই-তোমাদের কর্ম-জীবন যেন গতানুগতিকতার গণ্ডী থেকে নিজকে মুক্ত রেখে সৎ, সুন্দর ও সার্থক হয়ে উঠে-আর এই নবতর জীবন চেতনায় উদ্বুদ্ধ করে তোলাই আমাদের মত শিক্ষকদের সার্থকতা। তোমাদের মাঝেই আমাদের প্রতিষ্ঠা।

কোটি কোটি ভুক্ষা বাঙ্গালীদের আর্তনাদ, সামাজিক শোষণের শিকার শীর্ণকায় নাঙ্গা বাঙ্গালীর হাহাকার, নিরক্ষর জনতার বিরামহীন বিলাপ নিবারণের বাসনা নিয়ে আমরা কর্ম-জীবনে নেমেছি কিছু আগে আর তোমাদের জন্য ডাক রইল এখন।

বিদায়ী ছাত্র-ছাত্রীদের একে একে প্রত্যেকের জন্য রইল আমার শুভেচ্ছা।

ডঃ মুঃ আলতাফ হোসেন
সহকারী অধ্যাপক

প্রাণিবিদ্যা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩রা আগস্ট, ১৯৭৮
ডঃ মুঃ আলতাফ হোসেন
সহকারী অধ্যাপক